ক বি প ক্ষ

*~* ফিরে পাওয়া*~*

 

আমরা দুজন এক পৃথিবীবাসী

তবুও কেন পাইনা তোমার দেখা?

ভিড়ের মাঝে রোজ যে খুঁজি তোমায়,

অফিসপাড়ায় দাঁড়িয়ে থাকি একা।

 

তোমার কথায় ঘুম ভাঙ্গেনা আর

জীবন আজ নিয়মমাফিক চলে,

বিকেলবেলায় বৃষ্টি থামার পরে

হলুদ বাতি রাতের গল্প বলে।

 

শহর ছেড়ে ঘুরতে যাব ভেবে

গরমছুটিতে গিয়েছিলাম গ্রামে-

এখনও সেখানে ধীর মন্থর চালে

আড্ডা বসে, অবসর ক্যারামে!

 

নদীর জলে পা ডুবিয়ে আনমনে

শুনছিলাম অচিন পাখির ডাক,

পাড়ার ছেলের উচ্ছল কলরব,

আর পথের ধারে ফেরিওয়ালার হাঁক।

 

সূর্য যখন রঙ ছড়িয়ে জলে

ভাসানবেলায় নিচ্ছিল প্রস্তুতি-

দূরের থেকে আজান যায় শোনা

তুলসীতলায় প্রদীপ আরতি।

 

হঠাৎ দেখি খেতের আল বেয়ে

যাচ্ছ তুমি ‘বাদল বাউল’ বেশে

আমার দিকে তাকিয়ে বললে কবি-

“লুকিয়ে ছিলেম রাঙামাটির দেশে!”

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ ...