আমার বন্ধু রবি
পরিচয় হয় প্রথম যখন
সহজ পাঠের ছড়ায়,
তোমার মতই তখন আমার
বসতো না মন পড়ায়!
জানালা দিয়ে চোখ যেতো ওই
তালগাছেরই ফাঁকে,
বিষ্টি পড়ে টাপুর টুপুর
নদীতে বান ডাকে !
মেঘের আড়াল ঘুচিয়ে হঠাৎ
রোদ্দুর জোর হাসে,
কুমোরপাড়ার গরুর গাড়ির
শব্দ কানে আসে।
ঝগড়ুটে সেই শালিকত্রয়ী
রান্না ঘরের চালে,
ফেরিওয়ালা হেঁকে মিলায়
বাঁকের অন্তরালে ।
দেখতে গিয়ে দুপুর গড়ায়
সন্ধ্যে কখন নামে;
ঝিঁঝিঁর স্বরে মুখর বাতাস-
এ খঞ্জনি গ্রামে!
চোখ ফেরাতেই চমকে উঠি
হারিয়ে যাওয়া বামী-
তার ডাকেতে ব্যস্ত হয়ে
উঠে দাঁড়াই আমি।
কেউ ছিল না ঘরেতে আর
দেওয়ালে তোমার ছবি,
গলা মালায় হাসছ বুঝি?
আমার বন্ধু রবি!
