প্রিয় সান্তাদাদু ,
কলকাতা
প্রত্যেকবার তোমার কাছে এটা- ওটা চেয়ে চিঠি লিখি
! এবার সেটা করছিনা,বড়ো হয়ে গেছি আফটার অল(
ক্লাস ফোর আমার ভুলে গেছ?) তুমি বরং ভাইয়ার জন্য
ফাইটার প্লেন এর সেট এনো, ও সার্জিকাল স্ট্রাইক খেলতে চায়, ও
খুব দুষ্টু কি আর বলব তোমায় ! ‘ যুদ্ধ যুদ্ধ’ খেলতে ওর নাকি ভালো লাগে, যদিও আমার
খুব ‘পচা’ লাগে।ক্লাসেও আমি সাতে পাঁচে থাকিনা,আমার বেস্ট ফ্রেন্ড ঝিলমের মতন আমিও
ভারী লক্ষ্মী মেয়ে!
কিন্তু কিছুদিন ধরেই দেখছি আমাদের এখানে
ভীষণ গোলমাল হচ্ছে! রাস্তায় আগুন জ্বলছিল, গাড়ী ভেঙ্গে দিচ্ছিল লোকজন রেগে
গিয়ে,আমি আর ভাইয়া স্কুল থেকে বাসে করে ফিরছিলাম,দেখে ভয় পেয়েছিলাম আর প্রশ্নও
জেগেছিল “ কেন এরম হচ্ছে”।বাড়ি
ফিরে বাবাকে জিজ্ঞেস করায় বলল,’সরকার’ বলে একজন নাকি ‘আমাদের’ কাছে জানতে চেয়েছে
আমরা ভারতেরই বাসিন্দা কিনা!ঠিকঠাক কাগজসহ প্রমাণ দেখাতে না পারলে হয়তো... বাবা আর
কিচ্ছুটি বলেনি ,কিন্তু আমি বুঝি বাকি কথাটার মানে!শুধু বলেছিলাম,”বাইরে থেকে যারা
এতদিন ধরে এখানে এসে থাকছে তারা সবাই কি দুষ্টু নাকি?” বাবা হেসে বলেছিল,”তুই এসব
বুঝবিনা রে মা, আমরা মুসলিম তাই এসব যন্ত্রণা......ছাড় এসব,তুই এত ভাবিসনা !”
মুসলিম বলে সমস্যা,কই পাড়ার দুর্গাপুজোতে
কিম্বা দিওয়ালিতে আমি মজা করি বন্ধুদের সাথে, ঈদের পর আমিও ওদের জন্য টিফিনে করে
খাবার নিয়ে যাই, কেউ তো এরম কিছু বলেনি , যন্ত্রণা কিসের?!জিকে বুকে যে লেখা আছে
আমরা ভারতবাসী, দেশ থেকে চলে গেলে ওটা লিখলে পরীক্ষায় নাম্বার দেবেনা??
জানো তো দাদু,আমি সত্যিই বুঝতে পারিনা,কেন
এরম নিয়ম,তার জন্য গণ্ডগোল,আজকাল দেশে খুব গণ্ডগোল হয় তাই না?ওহ! তুমি আর জানবেই
বা কি করে?এখানে তো থাকনা।নর্থ পোলে খবরের কাগজ বা নেট নেই বোধহয় !
শুধু এটাই ভাবছি কদিন ধরে, আমাদের যদি
থাকতে না দেয়,আমরা কোথায় যাব? আমার স্কুল,বন্ধুরা,সুইমিং ক্লাসের কি হবে?আর অন্য
ঠিকানায় চলে গেলে তুমিও বা আসবে কি করে আমায় গিফট দিতে?
যাই হোক, এবার ভাবছি গিফট না চেয়ে তোমার
কাছে একটা আবদার করব, রাখতে হবে কিন্তু।আরে ভয় পেয়োনা, তোমায় জাস্ট আমার মেসেজটা
সব্বার কাছে পৌঁছে দিতে হবে, সব মানুষের কাছে,আল্লাহ,ভগবান আর গড এর কাছে ( আর
হ্যাঁ, সরকার লোকটার কাছেও,উনি কি কোনও ঠাকুর? আমি জানিনা জানো তো আর কেউ আমায় ঠিক
করে বোঝায়ও না !) সবাই যেন এ দেশে সুখে শান্তিতে মিলে মিশে থাকে। কেউ যেন কষ্ট না
পায়, আর এসব ঝামেলা যাতে শিগগির মিটে যায়, নইলে বড়োদিনে আর নিউ ইয়ারে মজা করব কি
করে ?!
প্লীজ আমার কথাটা রেখো আর হ্যাঁ তুমি ভালো
থেকো ! (এখানেও অল্প স্বল্প ঠাণ্ডা পড়েছে,তাই মাফলারটা নিয়ে এসো কিন্তু!) মেরী
ক্রিসমাস ইন অ্যাডভান্স !
ইতি~ তোমার সাবরিনা
