এবং কবিতা



                                          ~~ সবুজকলি~~
                                          

“সবুজকলি” আমি তোকেই বলি
‘গাছ’ নামেতে ডাকে অন্যলোক -
বাদলদিনের সদ্য স্নাত ধারায়
তোকে দেখে জুড়িয়ে ছিল চোখ !

পাতার ঘোমটার ভিতর ছিলি তুই ,
একরাশ মনখারাপ নিয়ে এ বুকে
নিঃশব্দে দাঁড়িয়ে ছিলাম পাশে
চেয়েছিলাম তোর ন্যুব্জ ফুলের মুখে ।

পাঁপড়িগুলো জানাল অভিযোগ,
অবহেলা কি অবগুণ্ঠিত ছিল তাতে ?
পিশাচেরা ঘা দিয়ে গেছে তোকে
কুড়ুল দিয়ে নিশীথ নিঝুম রাতে!

“লাঞ্ছিত” তবু মাথা উঁচু করে ছিলি,
জানিয়েছিলি সোচ্চার প্রতিবাদ,
আব্রু রক্ষা করতে পারিনি সেদিন
ভাঙতে অক্ষম ঘাতকের কালো হাত ।

লোভী হয়ে ভুলেছি তোদের ঋণ,
বানাচ্ছি দেদার গাছ কেটে ঘরবাড়ি,
দূষণ জ্বরে কাবু দুনিয়াতে আজ
নির্বোধদের বড়ই বাড়াবাড়ি !

সচেতনতার শপথ নিয়েছি এবার
সবাই মিলে রুখব এ অনাচার –
স্বপ্ন দেখি আজও ‘সবুজ’ জানিস?
তোদের বাঁচিয়ে নতুন করে বাঁচার !